হারাম অর্থে ইবাদত হয় না, হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের জন্য হালাল উপার্জন থেকেই খরচ করতে হবে— এমন বার্তা দিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হজযাত্রী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আজ সমাজে সুদ, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জনের প্রবণতা বেড়েছে। কিন্তু হাদিসে বলা হয়েছে, যদি একজন দুর্নীতিবাজ ব্যক্তি কাবা শরিফে গিয়ে বলে ‘আল্লাহ আমি হাজির’, তখন ফেরেশতারা বলেন— ‘তোমার হাজিরা কবুল হয়নি।’”
হজের কষ্ট ও ত্যাগের দিকটি তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, হজ পালন মানে শুধু টাকা খরচ নয়, শারীরিক কষ্ট ও ধৈর্যও দরকার। কখনো কখনো মিনায়, আরাফায় বা মুজদালিফায় পায়ে হেঁটে যেতে হতে পারে। এজন্য আগেভাগেই মানসিক প্রস্তুতি ও মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, হজ অনুবিভাগের যুগ্ম সচিব ড. মঞ্জুরুল হক এবং হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।
ঢাকা জেলায় বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রশিক্ষণের অংশ হিসেবে আজ থেকে দুই ব্যাচে সাত শতাধিক হজযাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত।