হাইকোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকার অপসারিত

বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের পুনর্বহালকৃত অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬)-এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতি বিচারপতি খুরশীদ আলম সরকারকে অপসারণ করেছেন।

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তে প্রমাণিত হয় যে বিচারপতি খুরশীদ আলম সরকার তার দায়িত্ব সঠিকভাবে পালনে অযোগ্য হয়ে পড়েছেন। সেই কারণেই সংবিধান অনুযায়ী তাকে অপসারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, দুর্নীতি ও তৎকালীন সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগে ২০২৪ সালের ১৬ অক্টোবর হাইকোর্ট বিভাগের মোট ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের বিচারকাজ থেকে বিরত রাখা হয়।

ছুটিতে পাঠানো ওই বিচারপতিরা হলেন— বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি মো. আক্তারুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন, বিচারপতি খিজির হায়াত ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান।

তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কাজ শুরু করে। তদন্ত শেষে প্রথম পর্যায়ে বিচারপতি খুরশীদ আলম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কাউন্সিল।