হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনে মুক্ত

বাংলাদেশ

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বের হন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আদালতের জামিন আদেশের কাগজ কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে নুসরাত ফারিয়াকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে, সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

মামলার নথি অনুসারে, গত ১৯ জুলাই ছাত্র-জনতার একটি গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক নামের এক ব্যক্তি। চলতি বছরের মে তিনি ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনকে আসামি করে একটি নালিশি মামলা দায়ের করেন। এই মামলায় ১৭ জন অভিনেতা-অভিনেত্রীসহ নুসরাত ফারিয়ার নামও অন্তর্ভুক্ত করা হয়। আদালতের নির্দেশে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করা হয় এবং দুই সপ্তাহ পর নুসরাতকে গ্রেপ্তার করা হয়।