সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে এনায়েতপুর থানা আ.লীগ সভাপতির মৃত্যু

বাংলাদেশ

সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু (৮৩) মারা গেছেন। মঙ্গলবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি ও হৃদরোগে ভুগছিলেন আহমদ মোস্তফা খান বাচ্চু। সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এ.এস.এম. কামরুল হুদা জানান, সকালেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, তিনি আর বেঁচে নেই। দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শিমুল তালুকদার বলেন, হাসপাতালে আনার সময়ই তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। ভর্তি হওয়ার কিছুক্ষণ পরই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

জুলাই অভ্যুত্থানের সময় এনায়েতপুর থানায় হামলা, অগ্নিসংযোগ ও ১৫ পুলিশ সদস্য হত্যার ঘটনায় দায়ের হওয়া চারটি মামলার আসামি ছিলেন আহমদ মোস্তফা খান বাচ্চু। গত বছরের ৪ আগস্ট ঘটে ওই হামলার ঘটনা। চলতি বছরের ২৪ এপ্রিল থেকে তিনি জেলা কারাগারে বন্দি ছিলেন।