সারাদেশে রাতে বাড়বে ঠান্ডা, ভোরে পড়তে পারে কুয়াশা

বাংলাদেশ
দেশজুড়ে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় সারাদেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

আগামী কয়েকদিনে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ভোরে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ১০ নভেম্বর রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ১১ নভেম্বর রাতে আবারও তাপমাত্রা কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। পঞ্চম দিনেও একই ধারা বজায় থাকবে। তবে, পাঁচ দিনের শেষের দিকে রাতের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।