সাবেক মেয়র সাঈদ খোকন ও তাঁর বোন শাহানা হানিফসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলাদেশ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, তাঁর বোন শাহানা হানিফ এবং ব্যবস্থাপক রাজু আহমেদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমান শিগগিরই কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি দায়ের করবেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন।

দুদকের অনুসন্ধানে জানা গেছে, আসামিরা নিজেদের ব্যবসায়ী পরিচয় দিয়ে বিভিন্ন ব্যাংকে একাধিক হিসাব খুলেছেন, যেখানে পেশা ও আয়ের উৎস সম্পর্কে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য দেওয়া হয়েছিল। এসব হিসাবের মাধ্যমে তারা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে ৫৪ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার টাকার লেনদেন করেছেন।

দুদক সূত্র জানায়, আসামিরা সিটি, এক্সিম, প্রিমিয়ারসহ মোট সাতটি ব্যাংকের সঞ্চয়ী, চলতি, এসএনডি, এফডিআর ও ব্যাংকের নিজস্ব জেনারেল লেজার (জিএল) হিসাবে এই অর্থ লেনদেন করেছেন।

অনুসন্ধানে আরও জানা যায়, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের পরিচালক শাহানা হানিফের ভাই সাঈদ খোকন ‘সাঈদ খোকন প্রোপার্টিজ’-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁদের সহযোগী রাজু আহমেদের মাধ্যমে শাহানা হানিফ তাঁর শেয়ারহোল্ডার পরিচালক এবং বাড়ি ভাড়া থেকে প্রাপ্ত আয় ছাড়াও বিভিন্ন ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের অর্থ লেনদেন করেছেন, যা লেয়ারিং প্রক্রিয়ার মাধ্যমে মানিলন্ডারিংয়ের অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে।

চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, দুদক এই তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে।