সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য, আত্মগোপনে থাকা মুক্তিযোদ্ধা গ্রেপ্তার

বাংলাদেশ
কক্সবাজারের রামু উপজেলা থেকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিমপাড়ার আবদুল গনি মাঝির বাড়ি থেকে তাকে আটক করা হয়। এলাকাবাসীর দাবি, নুরুল আবছার দীর্ঘদিন ধরে ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন।

নুরুল আবছার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা গ্রামের মৃত কাজী মো. জাবেদের ছেলে। স্থানীয় কাউয়ারখোপ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাব্বির হোসেন বাদশাহ জানান, আত্মগোপনের খবর পেয়ে স্থানীয় জনতা ওই বাড়িটি ঘেরাও করে। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, নুরুল আবছার বর্তমানে রামু থানায় রয়েছেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।