জনপ্রিয় লোকসংগীত শিল্পী ও মানিকগঞ্জ–২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধানমন্ডি এলাকার স্টার কাবাবের পেছনের একটি বাড়ি থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা রয়েছে। তাকে বর্তমানে গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, মমতাজ বেগম একাধিকবার আওয়ামী লীগের টিকিটে মানিকগঞ্জ–২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। সংগীত অঙ্গনে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, বিশেষ করে লোকগানের মাধ্যমে তিনি সারা দেশে পরিচিতি পান।