সংসদ নির্বাচন সামনে রেখে সংস্কার ত্বরান্বিত করার আহ্বান ড. ইউনূসের

বাংলাদেশ
আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত গতিতে সম্পন্ন করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে আয়োজিত এক বৈঠকে তিনি এ তাগিদ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও সদস্য ড. বদিউল আলম মজুমদার। এছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দারও বৈঠকে অংশ নেন।

কমিশনের অগ্রগতি তুলে ধরে আলী রীয়াজ ও ড. বদিউল আলম মজুমদার জানান, সংস্কার-সম্পর্কিত সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অব্যাহত রয়েছে। এ পর্যন্ত মোট ৮টি দলের সঙ্গে আলোচনা শেষ হয়েছে এবং আগামী বৃহস্পতিবার বিএনপির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তারা আরও জানান, সংস্কার বিষয়ে জনমত যাচাই এবং গণসচেতনতা তৈরির লক্ষ্যে নানামুখী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।