শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ভারতের কাছে ফেরত চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ড ঘোষণার পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারতের কাছে ফেরত চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রকাশের পর মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ট্রাইব্যুনালের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ও দণ্ডিত ঘোষণা করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আশ্রয় দেওয়া কোনো বন্ধুসুলভ আচরণ নয় এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা প্রদর্শনের শামিল বলেও মন্তব্য করে মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত সরকারের দায়িত্ব হচ্ছে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একই সময় আত্মগোপনে যাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও পরে ভারতে দেখা যায়।