শীর্ষ পুলিশ কর্মকর্তাদের ব্যাপক রদবদল

বাংলাদেশ
দেশের পুলিশ প্রশাসনে একযোগে বড় ধরনের রদবদল আনা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত একাধিক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি থেকে শুরু করে পুলিশ সুপার পর্যায় পর্যন্ত মোট ৩৮ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী মো. ফজলুল করিমকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাজারবাগ টেলিকম শাখার ডিআইজি মো. রফিকুল হাসান গনিকে হাইওয়ে পুলিশে এবং এপিবিএনের ডিআইজি মো. নজরুল ইসলামকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। হাইওয়ে পুলিশের ডিআইজি সালমা বেগমকে নেওয়া হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়নে।

গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলাকে এআইজি হিসেবে পুলিশ অধিদপ্তরে নেওয়া হয়েছে। ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিলকে পিবিআইয়ে এবং পাবনার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানকে সিআইডিতে বিশেষ পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়। নীলফামারীর পুলিশ সুপার আবুল ফজল মোহাম্মদ তারিক হোসেন খানকেও পিবিআইতে যুক্ত করা হয়েছে।

এছাড়া এন্টি টেরোরিজম ইউনিট, সিআইডি, ডিএমপি ট্রাফিক, এপিবিএন, রেলওয়ে পুলিশ এবং বিভিন্ন রেঞ্জে দায়িত্ব পালনে থাকা একাধিক অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারদেরও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদার। একই প্রজ্ঞাপনে ছয় জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়। পিবিআইয়ের মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধা, দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ফরিদপুর, এবং ডিএমপির মো. মিজানুর রহমানকে দিনাজপুরে পাঠানো হয়েছে।

হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাঠানো হয়েছে পাবনায়, ডিএমপির গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জে এবং ডিএমপির মোহাম্মদ বিল্লাল হোসেনকে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।