শাহবাগে শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা, সংঘর্ষে আহত শতাধিক

বাংলাদেশ
রাজধানীর শাহবাগে তিন দফা দাবিতে পদযাত্রা করতে গেলে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশি বাধা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করে। এতে অন্তত ১২০ জন শিক্ষক আহত হয়েছেন বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প। আহতদের অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন, বাকিদের চিকিৎসা চলছে।

এর আগে সকাল থেকে সারা দেশ থেকে আসা শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা জানান, দীর্ঘদিন ধরে পদোন্নতি ও বেতনগ্রেড সংশোধনের দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হয়নি।

আন্দোলনরত শিক্ষকদের দাবি—
১. প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন কাঠামো নির্ধারণ,
২. পদোন্নতি নীতিমালা সংস্কার,
৩. শিক্ষকতা পেশার মর্যাদা পুনর্বিন্যাস।

শিক্ষকরা অভিযোগ করেন, “মানুষ গড়ার কারিগরদের তৃতীয় শ্রেণিতে রেখে উন্নত জাতি গড়া সম্ভব নয়।”

দাবি আদায় না হলে পর্যায়ক্রমে কর্মবিরতি ও আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।