শাহজালাল বিমানবন্দরে লাগেজ চুরি: যাত্রী আরমান হোসেনের এক বছরের কারাদণ্ড

বাংলাদেশ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ চুরির অভিযোগে আরমান হোসেন নামের এক যাত্রীকে আটক করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)। সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বেবিচকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মদ কাউছার মাহমুদ।

তিনি জানান, সোমবার রাতে ঢাকা থেকে জেদ্দাগামী একটি ফ্লাইটে ওঠার আগমুহূর্তে এভসেক সদস্যরা আরমানকে শনাক্ত করে আটক করে। তদন্তে জানা যায়, এর আগে ৩ নভেম্বর সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৬ ফ্লাইটে রিয়াদ থেকে ঢাকায় আসেন তিনি। ইমিগ্রেশন শেষ করে তিনি বেল্ট নম্বর–২-এর কাছে যান যেখানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের এক ফ্লাইটের লাগেজ আসছিল। সেখানে সুযোগ পেয়ে তিনি দুইটি লাগেজ নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন। পরে ৯ নভেম্বর তিনি আরেকটি বেল্ট থেকে আরও একটি লাগেজ চুরি করে বেরিয়ে যান।

ঘটনার শিকার যাত্রী কাউছার মাহমুদ জানান, সিসিটিভি ফুটেজ ও প্রমাণের ভিত্তিতে আরমানের চুরি নিশ্চিত হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত তথ্য-প্রমাণ যাচাই করে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।