শাপলা চত্বরের ২০১৩ সালের ঘটনার তদন্তে ‘কমপক্ষে ৫৮ জন নিহত’ হওয়ার তথ্য জানালেন উপ-প্রেস সচিব

বাংলাদেশ
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ২০১৩ সালের শাপলা চত্বরের হেফাজতে ইসলামের সমাবেশে দুই দিনের সহিংসতায় নিহতের সংখ্যা নিয়ে সামাজিক মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ দাবি করেছেন।

শনিবার সকাল ১১টা ২৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, সে সময়ের সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সাত সদস্যসহ কমপক্ষে ৫৮ জন নিহত হন।

আজাদ মজুমদার লেখেন, “যতবার হেফাজতে ইসলাম বড় কোনো বিক্ষোভ করে, ততবারই আমার মনে পড়ে শাপলা চত্বরে সংঘটিত সেই গণহত্যার তদন্তের কথা, যা আমি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ-এর জন্য করেছিলাম। সারা বিশ্ব যখন মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্ত, তখন আমি ঢাকায় বিবিসির প্রাক্তন সংবাদদাতা মার্ক ডামেটের সঙ্গে মিলে এই কঠিন তদন্তে নামে।”

তিনি আরও জানান, দুই সপ্তাহের ওই তদন্তে তারা রাজধানীর বিভিন্ন রাস্তা ঘুরে দেখেন, হাসপাতালের নথি ঘেঁটে দেখেন, নিহতদের পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন এবং দাফনের প্রমাণ সংগ্রহ করেন।

আজাদ লেখেন, “তদন্তের সময় প্রতিনিয়ত ভয় কাজ করত যে আমি নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে নিখোঁজ হয়ে যেতে পারি। সুরক্ষার কারণে তখন নিজের কাজের স্বীকৃতি দাবি করতে পারিনি। তবে যখন দেখি আমার কোনো সহকর্মী সাংবাদিক সেই কাজকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছেন, তখন ভীষণ আনন্দ পাই।”