রাজারহাটে জামায়াত নেতাকে হুমকির ঘটনায় উপজেলা বিএনপি সভাপতিকে শোকজ

বাংলাদেশ

কুড়িগ্রামের রাজারহাটে এক জামায়াত নেতাকে প্রকাশ্যে ‘কলিজা টেনে ছিঁড়ে ফেলার’ হুমকি দেওয়ায় উপজেলা বিএনপির সভাপতি আনিছুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি। বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এই নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে। গত বুধবার একটি ৫২ সেকেন্ডের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়, যেখানে আনিছুর রহমানকে জামায়াতপন্থি সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজারহাট শাখার অর্থ সম্পাদক রুবেল মিয়াকে হুমকি দিতে শোনা যায়। ভিডিওতে তিনি বলেন, “কলিজা টানি ছিঁড়ি ফেলব, একবারে টানি ছিঁড়ি ফেলব তোমার... একবারে নিশ্চিহ্ন করে দেব তোমাক। চেনো বিএনপিকে।”

ঘটনার জেরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং উসকানিমূলক ভাষা ব্যবহারের অভিযোগ এনে জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন (কায়কোবাদ)-এর স্বাক্ষরিত চিঠিতে আনিছুর রহমানকে শোকজ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, তার বক্তব্য রাজনৈতিক সহনশীলতা ও দলীয় শৃঙ্খলার পরিপন্থী।

অন্যদিকে, হুমকির শিকার রুবেল মিয়া অভিযোগ করেছেন যে, চান্দামারী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের অভিভাবক সমাবেশে বিদ্যালয় কমিটি নিয়ে বিরোধের জেরে পরে বিকেলে থানা মোড়ে আনিছুর রহমানের নেতৃত্বে তাকে লাঞ্ছিত করা হয়। তিনি জানান, এই ঘটনার বিষয়ে এখনও মামলা করেননি তবে জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে জানতে চাইলে আনিছুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।