রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, ঘটনায় কেউ আহত নয়

বাংলাদেশ
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এডিবি ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক। তিনি জানান, বিস্ফোরণে কেউ হতাহত হয়নি এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে শনিবার বিকেলে এক ঘণ্টার ব্যবধানে রাজধানীর আরও দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুরের বিআরটিএ এলাকার সামনে প্রথম বিস্ফোরণটি ঘটে। মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতকারীদের শনাক্তের চেষ্টা চলছে। তবে এখনো কারা এ ঘটনায় জড়িত তা জানা যায়নি।

এর প্রায় ৪০ মিনিট পর আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে। হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ জানান, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে কাউকে গ্রেপ্তার করা না গেলেও বিস্ফোরণের কারণে একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।

পুলিশ তিনটি ঘটনারই তদন্ত চালিয়ে যাচ্ছে।