যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে চাপে বাংলাদেশ: করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে অধ্যাপক ইউনূস

বাংলাদেশ

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক আহ্বান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার দুপুর পৌনে ২টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, শীর্ষস্থানীয় অর্থনীতি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ বিশ্বের বেশিরভাগ দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে এই শুল্কের হার ৩৭ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের দাবি, যেসব দেশের সঙ্গে তাদের বাণিজ্য ঘাটতি বেশি, তাদের ওপরই এই শুল্ক বেশি হারে আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে চরম প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেক দেশ ইতিমধ্যে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে। বাংলাদেশও বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পদক্ষেপ নিচ্ছে।