যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধনের অনুমোদন পেল নির্বাচন কমিশন

বাংলাদেশ
নির্বাচন কমিশন (ইসি) যুক্তরাষ্ট্রসহ পাঁচটি দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের কার্যক্রম শুরু করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি পেয়েছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ আফ্রিকা ও ওমানেও এ কার্যক্রম শুরু করা হবে।

বুধবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শাকেরা আহমেদ স্বাক্ষরিত একটি চিঠিতে এ সম্মতি জানানো হয়। এতে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস (যুক্তরাষ্ট্র), মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ আফ্রিকা এবং ওমানে ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রম শুরু করতে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। নির্বাচন কমিশনকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, “আমরা আটটি দেশে কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুত ছিলাম। এরই ধারাবাহিকতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলাম এবং এখন কাজও শুরু হয়েছে।”

ইসি সূত্রে জানা গেছে, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে। এসব দেশ থেকে এ পর্যন্ত প্রায় ৪৭,০৩২ জন প্রবাসী ভোটার হতে আবেদন করেছেন। এর মধ্যে ২৯,৫৬৩ জনের বায়োমেট্রিক নেওয়া হয়েছে এবং ২০,৪৫১ জনের আবেদন অনুমোদন পেয়েছে। বাতিল হয়েছে ৩,৬৭৭টি আবেদন।

এর আগে গত ২ জুলাই নির্বাচন কমিশন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. আব্দুল মমিন সরকার স্বাক্ষরিত একটি চিঠিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি চাওয়া হয়। এতে জানানো হয়, বিশ্বের ৪০টি দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এর মধ্যে ৯টি দেশে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে এবং নতুন করে যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ আফ্রিকা ও ওমানের জন্য সম্মতি পাওয়া গেল। অবশিষ্ট ২৬টি দেশে ধাপে ধাপে কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে, যার মধ্যে রয়েছে বাহরাইন, লেবানন, দক্ষিণ কোরিয়া, জাপান, ফ্রান্স, জার্মানি, চীন, রাশিয়া, তুরস্কসহ আরও অনেক দেশ।

ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব দেশে কার্যক্রম শুরুর জন্য সবধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে এবং অগ্রাধিকারভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সম্মতি প্রদানের অনুরোধ জানানো হয়েছে।

সূত্র: বাসস