মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেতে নিজের চাচা-চাচিকে পিতা-মাতা হিসেবে দেখানোর অভিযোগের পর চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, “জনস্বার্থে নাচোল উপজেলার নির্বাহী অফিসার মো. কামাল হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।”
বিষয়টি নিয়ে জানতে ইউএনও কামাল হোসেনের সরকারি ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহম্মদ সোলায়মান বলেন, “আমি সংবাদমাধ্যমের মাধ্যমে ঘটনাটি জেনেছি। আমি সদ্য এ জেলায় যোগদান করেছি, এখনো সব উপজেলায় যাওয়া হয়নি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারব।”