মায়া পরিবারে ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

বাংলাদেশ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তার স্ত্রী পারভীন চৌধুরী ও ছেলে রাশেদুল ইসলামের নামে থাকা মোট ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের আদেশ অনুযায়ী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নামে ১৬টি, পারভীন চৌধুরীর নামে ৩৬টি এবং রাশেদুল ইসলামের নামে ২৯টি ব্যাংক হিসাব রয়েছে, যা সাময়িকভাবে অবরুদ্ধ করা হয়েছে।

দুদকের উপপরিচালক মোজাম্মিল হোসেন আদালতে এ সংক্রান্ত আবেদন করেন। আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে এবং তাদের এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎকৃত অর্থ বিদেশে পাচারের আশঙ্কা রয়েছে।

অনুসন্ধান চলমান অবস্থায় যাতে এসব অর্থ স্থানান্তর বা বেহাত না হয়, সেই লক্ষ্যে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১০ ও ১৪ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ১৮ ধারার আওতায় এসব হিসাব অবরুদ্ধ করা হয়েছে।