মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার বিচার আগামী এক মাসের মধ্যে শেষ হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি জানান, এই মামলার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে আইন মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে।
রোববার (৬ এপ্রিল) ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, “সরকার এই মামলাটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিনিয়ত নজর রাখছে, যাতে বিচারকাজ বিলম্ব না হয়। আইন মন্ত্রণালয়ও বিষয়টি নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করছে।”
এ সময় ঈদের অভিজ্ঞতা নিয়ে তিনি আরও বলেন, “এবারের ঈদটি ছিল অন্যরকম। আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সময় কাটিয়েছি। একজন মানবাধিকার কর্মী হিসেবে যেমন দায়িত্ব ছিল, তেমনি এবার ১৮ কোটি মানুষের সঙ্গে ঈদ করার অনুভূতিও ছিল অত্যন্ত অর্থবহ ও স্মরণীয়।”