মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা

বাংলাদেশ
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। রোববার রাত ১০টা ১৫ মিনিটে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে শিশুটির বোনের শ্বশুরকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় ধর্ষণের ফলে মৃত্যু ঘটানোর অপরাধে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া বোনের স্বামী ও ভাশুরকে দণ্ডবিধির ৫০৬ ধারায় ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এবং শাশুড়িকে দণ্ডবিধির ২০১ ধারায় অপরাধের আলামত নষ্ট করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, ৬ মার্চ সকালে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টা চালান মূল অভিযুক্ত, যা তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকার করেন। ওই দিন দুপুরে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়।

ঘটনার পর ৮ মার্চ শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় শিশুটির বোনের শ্বশুর, স্বামী, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়। বর্তমানে চারজনই কারাগারে রয়েছেন।

ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। মামলার তদন্তের অংশ হিসেবে ডিএনএ পরীক্ষায় মূল অভিযুক্তের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক। তবে মামলার এজাহার ও আসামির জবানবন্দির মধ্যে সময়কাল নিয়ে কিছু অসামঞ্জস্যতা রয়েছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা।

এ ঘটনায় এলাকায় এখনও শোক ও উত্তেজনার আবহ বিরাজ করছে।