চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে বিশৃঙ্খলার অভিযোগে শাখা ছাত্রলীগের এক নেত্রীকে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। আটক নেত্রীর নাম ইসরাত জাহান। রোববার দুপুরে কলেজ চত্বরে এই ঘটনা ঘটে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, ইসরাত জাহান কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে শিক্ষার্থীরা তাঁকে আটক করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে। তিনি আরও জানান, ইসরাতের বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত ৫ আগস্টের একটি মামলায় তাঁকে সোমবার আদালতে তোলা হবে।
শিক্ষার্থীদের অভিযোগ, ইসরাত জাহান বারবার কলেজে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করছিলেন এবং একটি নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষে উসকানিমূলক আচরণ করছিলেন। তাদের দাবির ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নেয়।