ভারতের পররাষ্ট্র সচিবের মন্তব্যে প্রশ্ন না তোলায় সাংবাদিকদের সমালোচনা তৌহিদ হোসেনের

বাংলাদেশ
ভারত সফর শেষে দেশের সাংবাদিকদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি যখন বাংলাদেশের নির্বাচনের বিষয়ে বক্তব্য দিয়েছিলেন, তখন সাংবাদিকদের আরও তৎপর হওয়া উচিত ছিল।

তৌহিদ হোসেন বলেন, “আমি লক্ষ্য করেছি, ভারতের পররাষ্ট্র সচিব বলেছিলেন তারা বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ নির্বাচন’ আশা করেন। কিন্তু তখন আপনাদের কারও মুখে প্রশ্ন উঠল না—এই বক্তব্য আগের ১৫ বছর কেন শোনা যায়নি? আগের নির্বাচনগুলো কি সেই মানদণ্ডে সঠিক ছিল না?”

তিনি আরও বলেন, “আমাদের সাংবাদিকদের মধ্যে অভিজ্ঞ ও সিনিয়র অনেকে ছিলেন। ভারতের পররাষ্ট্র সচিব নিজেই সুযোগ তৈরি করেছিলেন, তখন অন্তত একটি প্রশ্ন করা যেত। বিব্রত না করেও প্রশ্ন তোলা সম্ভব ছিল।”

একই অনুষ্ঠানে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, “আমরা আইনগত প্রক্রিয়া অনুসরণ করেছি এবং আদালতের নির্দেশেই ফেরতের অনুরোধ জানিয়েছি। ভারত এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি; তারা বিষয়টি নিজেদের মতো করে দেখছে।”

জাতিসংঘের নতুন আবাসিক সমন্বয়কারীর ছাড়পত্র নিয়ে প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “যদি কারও আগমনে সমস্যা তৈরি হয়, তিনি আসবেন না। নতুন কাউকে চাওয়া হচ্ছে কি না—এ বিষয়ে আমি এর বেশি কিছু বলতে চাই না।”