ভারতীয় গণমাধ্যমের অভিযোগ ভিত্তিহীন: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

বাংলাদেশ
ভারতে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যম যেসব প্রতিবেদন প্রকাশ করেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যে ঘটনাই ঘটুক না কেন, ভারতের গণমাধ্যম প্রায়ই বাংলাদেশের ওপর দায় চাপানোর চেষ্টা করে। এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। কোনো বিবেকবান মানুষ এসব বিশ্বাস করবে না।”

জাতিসংঘে আওয়ামী লীগের পাঠানো চিঠি প্রসঙ্গে তিনি বলেন, “যে কেউ জাতিসংঘে আবেদন করতে পারে। জাতিসংঘ যদি বাংলাদেশকে কোনো বিষয়ে কিছু জানায়, তখন আমরা তা বিবেচনা করব। এখন পর্যন্ত জাতিসংঘ আমাদের কিছু জানায়নি।”

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ‘থিংক টোয়াইস অ্যাক্ট’-এর বিষয়ে মন্তব্য করতে গিয়ে তৌহিদ হোসেন বলেন, “বাংলাদেশ সব সময় ভারসাম্যের নীতি মেনে চলছে এবং তা অব্যাহত রাখবে।” চীন থেকে অস্ত্র কিনলে নিষেধাজ্ঞার আশঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, “এমন কোনো সম্ভাবনা দেখি না।”

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী প্রতিরক্ষা খাতে চীনের প্রভাব সীমিত করতে ‘থিংক টোয়াইস অ্যাক্ট–২০২৫’ নামে একটি নতুন আইন প্রণয়ন করছে। এতে বলা হয়েছে, চীন থেকে সমরাস্ত্র কিনলে সংশ্লিষ্ট দেশগুলো নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক বিধিনিষেধের মুখে পড়তে পারে।