ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ আইজিপির

বাংলাদেশ

সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানায়।

আইজিপি বাহারুল আলম বলেন, “হামলার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে। দোষীদের শনাক্ত করা হচ্ছে এবং অচিরেই তাদের গ্রেপ্তার করা হবে। পুলিশের একাধিক টিম ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে।”

তিনি আরও বলেন, “সরকার কোনো আইনসম্মত প্রতিবাদে বাধা দিচ্ছে না। তবে আন্দোলনের নামে সহিংসতা বা অপরাধমূলক কর্মকাণ্ড কখনোই বরদাস্ত করা হবে না।”

এ বিষয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “আমরা এমন একটি সময়ে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজন করছি, যখন বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় গন্তব্য হিসেবে তুলে ধরতে চাই। অথচ এর মধ্যেই দেশের অভ্যন্তরে কিছু দুঃখজনক ঘটনা আমাদের সেই প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করছে।”

তিনি জানান, “ভাঙচুরের শিকার হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠান স্থানীয় উদ্যোক্তাদের, এমনকি কিছু বিদেশি বিনিয়োগকারীও ছিলেন, যারা বাংলাদেশে আস্থা রেখে কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন। যারা এ ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তারা দেশের অর্থনৈতিক অগ্রগতি, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগের বিরুদ্ধে কাজ করেছে।”