গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে আজ বৃহস্পতিবার সকালে রাস্তায় নামেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। সকাল ১০টা থেকে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে দুই ঘণ্টা ধরে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড নামের কারখানাটি গত দুই মাস ধরে তাঁদের বেতন বাকি রেখেছে। বহুবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। উপায় না পেয়ে তাঁরা কর্মবিরতি ও সড়ক অবরোধে নামেন।
ঘটনার পর শ্রীপুর থানা ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, শ্রমিকদের বোঝানো হলে তাঁরা সড়ক ছেড়ে দেন। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।