বিয়েবাড়িতে হামলা, ওসি-সহ পুলিশ অবরুদ্ধ

বাংলাদেশ
গাইবান্ধার সুন্দরগঞ্জে এক বিয়েবাড়িতে বিশৃঙ্খলার ঘটনায় ওসি-সহ পুলিশের একটি দল স্থানীয়দের দ্বারা অবরুদ্ধ হন। পরে সেনাবাহিনী হস্তক্ষেপ করে তাদের উদ্ধার করে।

জানা যায়, উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দুখু মিয়ার মেয়ের সঙ্গে রামজীবন ইউনিয়নের আয়নাল হকের ছেলের বিয়ে সম্পন্ন হয় গত বৃহস্পতিবার। তবে গেট পাসের টাকা নিয়ে বিরোধ ও নরম-নষ্ট ভাত পরিবেশনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়, যেখানে কমপক্ষে ১০ জন আহত হন। ঘটনার পর বরপক্ষের কয়েকজনকে কনে পক্ষের লোকজন আটকে রাখে, আর বাকিরা পালিয়ে যান।

পরদিন শুক্রবার বর পক্ষের লোকজনকে উদ্ধারে থানায় লিখিত অভিযোগ দিলে ওসি মো. আব্দুল হাকিম আজাদ নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে স্থানীয়দের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ সদস্যরা বাধ্য হয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে খবর দেওয়া হলে, তারা ঘটনাস্থলে এসে পুলিশ সদস্য ও বরপক্ষের অবরুদ্ধ ব্যক্তিদের উদ্ধার করে।

সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ওয়াজেদ হোসেন জানান, “ওসি আমাদের ফোন করলে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিই। এলাকাবাসীর আচরণ অনভিপ্রেত ছিল। তারা আমাদের কথাও শুনেননি।”

ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, “পুলিশি কাজে বাধা দেওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় মামলা করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।