বাংলাদেশে মৌলবাদী প্রবণতা উদ্বেগজনক: জয়শঙ্কর

বাংলাদেশ
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বাংলাদেশে যেভাবে মৌলবাদী প্রবণতা বাড়ছে, তা গভীরভাবে ভাবনার বিষয়। নয়াদিল্লির ভারত মণ্ডপে অনুষ্ঠিত নিউজ১৮-এর রাইজিং ভারত সামিটে এক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। জয়শঙ্কর বলেন, “বৈঠকে আমাদের মূল বার্তা ছিল—ভারত-বাংলাদেশ সম্পর্ক একটি ঐতিহাসিক ও অদ্বিতীয় বন্ধন, যা মূলত জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক। এই সম্পর্ক অন্য যে কোনো ধরনের সম্পর্কের চেয়ে গভীর এবং আমাদের এটিকে স্বীকৃতি দেওয়া উচিত।”

তিনি আরও যোগ করেন, “বাংলাদেশ থেকে যে বার্তা আসছে, তাতে আমরা দেশটিতে মৌলবাদের উত্থান এবং সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিয়ে উদ্বিগ্ন। এই বিষয়গুলো নিয়ে বৈঠকে খোলামেলা আলোচনা হয়েছে।”

জয়শঙ্কর আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশে শিগগিরই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মতে, বাংলাদেশের রয়েছে একটি শক্তিশালী গণতান্ত্রিক ঐতিহ্য, এবং গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা রয়েছে। তিনি বলেন, “নির্বাচনের মাধ্যমেই নেতৃত্ব বেছে নেওয়া ও নবায়ন করা যায়। আমরা আশাবাদী যে বাংলাদেশ এই গণতান্ত্রিক পথেই অটল থাকবে।”

ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট জানিয়েছে, জয়শঙ্করের বক্তব্যে বাংলাদেশ নিয়ে ভারতের আন্তরিক আগ্রহ ও শুভাকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে। তিনি বলেন, “ভারত-বাংলাদেশ সম্পর্ক বহু দশকের পুরনো এবং এ সম্পর্ক জনগণই ধরে রেখেছে। বাংলাদেশের উন্নয়ন ও কল্যাণের ব্যাপারে ভারতের চেয়ে বেশি মনোযোগী আর কেউ নয়—এটি ভারতের আত্মপরিচয়ের অংশ।”