বাংলাদেশে এখন আর কোনো জঙ্গিবাদ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ
বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত রপ্তানি কার্গো ভিলেজ এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

তিনি জানান, দেশের সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতায় জঙ্গিবাদ দমন সম্ভব হয়েছে। এই সফলতায় মিডিয়া, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার অবদান রয়েছে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “গত ১০ মাসে আপনারা কি কোনো জঙ্গিবাদের তথ্য দিতে পেরেছেন? আগে দিতে পারতেন, এখন পারেন না — কারণ এখন বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই।”

মালয়েশিয়ায় বাংলাদেশিদের ‘জঙ্গি ট্যাগ’ দেওয়া বিষয়ে তিনি বলেন, “যে তিনজনকে ফেরত পাঠানো হয়েছে, তারা কেউই জঙ্গি নয়। তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ায় ফেরত পাঠানো হয়েছে, এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, মালয়েশিয়ার পুলিশপ্রধান যেসব ব্যক্তির বিষয়ে কথা বলেছেন, সেই পাঁচজন এখনো বাংলাদেশে আসেননি। তাদের বিষয়ে সরকারিভাবে যোগাযোগের চেষ্টা চলছে। তদন্তের মাধ্যমে বিষয়টি যাচাই করা হবে, তবে এখন পর্যন্ত এদের সঙ্গে দেশের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

রপ্তানি কার্গো ভিলেজ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এখান থেকে শাকসবজি ও ফলমূলসহ নানা কৃষিপণ্য বিদেশে রপ্তানি করা হচ্ছে। দেশের রপ্তানি কার্যক্রম বাড়ায় কোল্ড স্টোরেজের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “যদি কোনো পণ্য স্ক্যানিংয়ের পরও বিমানে ওঠানো সম্ভব না হয়, তাহলে তাৎক্ষণিকভাবে সেই পণ্য হিমাগারে সংরক্ষণ করা যাবে। বর্তমানে এ সুবিধা না থাকলেও নতুন নির্মিত টার্মিনালে এটি থাকবে।”

উপদেষ্টা বলেন, “আমরা কেবল দুই-একটি পণ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের কৃষিপণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি করতে চাই।”