জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পরিবর্তন ছাড়া নির্বাচনে যাওয়া গ্রহণযোগ্য হবে না, এবং এমন নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটিও এখনো দলের বিবেচনাধীন রয়েছে।
বুধবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, “সংস্কার প্রক্রিয়া ও নির্বাচন নিয়েই মূলত আলোচনা হয়েছে। সংখ্যালঘুদের অধিকার এবং দেশের রাজনৈতিক প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে। আমরা সংস্কার কমিশনে যে প্রস্তাবগুলো দিয়েছি, সেগুলোর কথাও জানিয়েছি। আমাদের প্রধান তিনটি দাবি হলো—বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন। আমরা পরিষ্কারভাবে বলেছি, শুধু ন্যূনতম সংস্কার নয়, আমরা রাষ্ট্রের গুণগত পরিবর্তন চাই।”
নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, “বর্তমান মাঠ প্রশাসন আমাদের কাছে নিরপেক্ষ মনে হয়নি। আমাদের নেতাকর্মীদের ওপর বিভিন্ন জায়গায় হামলা চালানো হচ্ছে। প্রশাসন এসব বিষয়ে কোনো কার্যকর ভূমিকা নিচ্ছে না, বরং অনেকক্ষেত্রে বিএনপির পক্ষাবলম্বন করছে। মাঠ পর্যায়ে চাঁদাবাজি চললেও প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করছে। এমন প্রশাসনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
তিনি আরও জানান, “প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলেছেন। আমরা তাতে প্রাথমিকভাবে সমর্থন দিয়েছি। তবে নির্বাচনে যাওয়ার আগে কি কি কাজ সম্পন্ন হবে, সেটি আমাদের বিবেচনায় রয়েছে।”
বৈঠকে নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং মুখপাত্র শামান্তা শারমিন। এর আগে, জামায়াত নেতারাও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।