লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২ জুলাই (বুধবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তার বিরুদ্ধে আনা 'অসদাচরণের' অভিযোগ বিভাগীয় মামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে। এজন্য সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর অধীনে তাকে চাকরি থেকে বরখাস্ত করার গুরুদণ্ড প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, তাপসী তাবাসসুম আগে সহকারী সচিব হিসেবে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে কর্মরত ছিলেন এবং সাময়িক বরখাস্ত অবস্থায় ছিলেন।
২০২৩ সালের ৬ অক্টোবর তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি বিতর্কিত স্ট্যাটাস দেন, যেখানে তিনি লেখেন— “রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।”
এছাড়াও, তিনি শহিদ আবু সাঈদ ও তৎকালীন ছাত্র-জনতার আন্দোলন সম্পর্কেও সামাজিক মাধ্যমে কিছু মন্তব্য করেন, যা প্রশাসনের দৃষ্টিতে রাষ্ট্রবিরোধী ও অগ্রহণযোগ্য আচরণ হিসেবে বিবেচিত হয়।
তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের পর কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। তাপসী নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে লিখিত ব্যাখ্যা দিলেও কর্তৃপক্ষ সেটিকে গ্রহণযোগ্য মনে করেনি। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় দ্বিতীয় দফায় তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত গুরুদণ্ড হিসেবে চাকরিচ্যুতির সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এ সিদ্ধান্তে একমত প্রকাশ করে এবং রাষ্ট্রপতিও তা অনুমোদন করেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।