ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, ডিসেম্বরের শুরুতে তফসিল: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

বাংলাদেশ
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন রমজানের আগে আগামী ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “এই পরিকল্পনাকে সামনে রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি। সে অনুযায়ী ডিসেম্বরের প্রথম দিকেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।”

শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।

গণভোটের সময়সূচি প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, “গণভোট জাতীয় নির্বাচনের আগে হবে, নাকি পরে — বিষয়টি এখনো নির্বাচন কমিশনের আলোচনায় আসেনি। সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে সে সম্পর্কেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সিদ্ধান্ত হলে আপনাদের জানানো হবে।”

পিআর পদ্ধতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কী আসে, আমরা তার অপেক্ষায় আছি।”

নির্বাচন প্রস্তুতি প্রসঙ্গে তিনি আরও জানান, ফেব্রুয়ারির নির্বাচনের লক্ষ্যে সারাদেশে রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করা হচ্ছে। “এরই ধারাবাহিকতায় আমরা পটুয়াখালীতে এসেছি,” বলেন তিনি।

আগামীকাল (শনিবার) জেলার কর্মশালায় অংশ নেবেন উল্লেখ করে কমিশনার বলেন, “অতীতে যারা প্রিজাইডিং বা পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে কিছুটা শঙ্কা ও দ্বিধা আছে। তবে আমরা আশাবাদী, এসব কাটিয়ে আমরা একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করতে পারব। গণমাধ্যমের সহযোগিতায় আমরা ফেব্রুয়ারিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই।”

এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদারসহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা।