রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ যেন ভিন্ন এক দৃশ্যপট। ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে হাজারো মানুষ জড়ো হয়েছেন সেখানে। সকাল থেকেই সূর্যের তাপ উপেক্ষা করে, ঘামে ভিজে, ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে উপস্থিত হয়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিকেল ৩টায় মূল কর্মসূচি শুরু হলেও সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত ও জেলার মানুষদের ঢল নামে উদ্যানে। হাতে ফিলিস্তিনের পতাকা, কাঁধে ব্যানার, আর গলায় স্লোগান—“ফিলিস্তিন মুক্ত করো”, “গাজা রক্তে রঞ্জিত, বিশ্ব কেন নীরব”, “তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন”—এসব কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তাঁরা জানান দিচ্ছেন তাদের প্রতিবাদ ও সংহতির বার্তা।
মিছিল আর স্লোগানে প্রকম্পিত সোহরাওয়ার্দী ময়দান এখন এক অভিন্ন চেতনাস্থান, যেখানে জড়ো হয়েছেন প্রতিবাদী মানুষ, শান্তির আহ্বানে।