প্রাণ হারালেন রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া ব্রাহ্মণবাড়িয়ার তরুণ

বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের তরুণ মো. আকরাম হোসেন (২৪) রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত আকরামের পরিবার জানিয়েছে, তার এক সহযোদ্ধা রাশিয়া থেকে ফোন করে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

আকরামের বাবা মোরশেদ মিয়া জানান, তার ছেলে ভালো বেতনের আশায় দালালদের মাধ্যমে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে প্রায় আড়াই মাস আগে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন। তবে সেখানে নিয়মিত শারীরিক নির্যাতনের শিকার হতেন বলে আকরাম পরিবারকে জানাতেন। তিনি আরও বলেন, "কয়েক দিন আগে ছেলে জানিয়েছিল, রাশিয়ায় তার ব্যাংক হিসাবে চার লাখ টাকা জমা হয়েছে। তবে শেষবার রবিবার বেলা ১১টার দিকে কথা হয়েছিল। সে জানায়, পরিস্থিতি ভালো না।"

আকরামের মা মোবিনা বেগম জানান, ১৩ এপ্রিল থেকে ছেলের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। রাশিয়ায় পরিচিতরাও তার খোঁজ পাচ্ছেন না। মাগরিবের নামাজের পর রাশিয়া থেকে এক ব্যক্তি ফোন করে জানান, ইউক্রেনের একটি হামলায় আকরাম নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আকরামের এক বোনের বিয়েতে ঋণগ্রস্ত হয়ে পড়েন তার বাবা। পরিবারের আর্থিক সংকট কাটাতে আকরাম নরসিংদীর পলাশ উপজেলার আমতলীর একটি ট্রেনিং সেন্টারে ওয়েল্ডিংয়ের কাজ শিখে বিদেশে যান। প্রায় আট মাস আগে ঋণ করে তাকে রাশিয়ায় পাঠানো হয়।

পরিবার এখন আকরামের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।