পোশাকশ্রমিক হত্যা মামলা: জামিন শুনানি মুলতবি, ২ জুন পর্যন্ত কারাগারে থাকছেন সাবেক মেয়র আইভী

বাংলাদেশ
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে পোশাকশ্রমিক মিনারুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন মুলতবি করেছেন আদালত। মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য হয়েছে আগামী ২ জুন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদের আদালতে জামিন আবেদন শুনানি অনুষ্ঠিত হয়। তবে মামলার রিমান্ড আদেশ কার্যকর না হওয়ায় জামিন আবেদনের শুনানি পিছিয়ে দেওয়া হয়।

আদালতের ভারপ্রাপ্ত সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক জানান, আদালত ইতিমধ্যে আইভীর বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তদন্ত কর্মকর্তারা এখনো তাঁকে রিমান্ডে না নেওয়ায় জামিন আবেদনের চূড়ান্ত শুনানি করা হয়নি।

আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী মাহবুবুর রহমান, আওলাদ হোসেন, জাহিদুল হকসহ একাধিক অ্যাডভোকেট। রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি ওমর ফারুক নয়ন।

এর আগে, ২৫ মে শুনানির পর বিচারক জামিন নামঞ্জুর করে আইভীর দুই দিনের রিমান্ডের আদেশ দেন। তবে সাত কার্যদিবসের মধ্যে রিমান্ডে নেওয়ার নির্দেশ থাকলেও এখনও তা কার্যকর হয়নি।

২০২৩ সালের ২০ জুলাই সন্ধ্যায় আদমজী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন পোশাকশ্রমিক মিনারুল ইসলাম। পরদিন তাঁর ভাই নাজমুল হক বাদী হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সেলিনা হায়াৎ আইভীসহ ১৩২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

চলতি বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে বন্দী রয়েছেন। তাঁর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়েরকৃত মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে।