পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে অধ্যাপক মুহাম্মদ ইউনূস

বাংলাদেশ

রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৫ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তার বহনকারী বিমানটি রোমের বিমানবন্দরে পৌঁছায়। এ সময় ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানান।

পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশ করেন অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীরা। বিশ্বের ইতিহাসে প্রথম লাতিন আমেরিকান পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে উন্মুক্ত প্রাঙ্গণে।

এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলি এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

অন্ত্যেষ্টিক্রিয়ায় ক্যাথলিক চার্চের কার্ডিনাল কলেজের ডিন জিওভান্নি বাত্তিস্তা রে নেতৃত্ব দেবেন। তিনি ‘চূড়ান্ত সমর্পণ প্রার্থনা’ পাঠ করবেন, যার মাধ্যমে পোপকে ঈশ্বরের হাতে সমর্পণ করা হবে।

পরে পোপ ফ্রান্সিসের মরদেহ সেন্ট পিটার্স থেকে রোমের সান্তা মারিয়া মেজিওর ব্যাসিলিকায় নেওয়া হবে, যেখানে তাকে সমাহিত করা হবে। জানা গেছে, তিনি নিজের ইচ্ছাতেই সেন্ট পিটার্সের বদলে ঐতিহাসিক এই ব্যাসিলিকায় সমাহিত হতে চেয়েছিলেন, যেখানে তার বহু পূর্বসূরিও শায়িত আছেন।

উল্লেখ্য, ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস চলতি বছরের শুরুতে দুইবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দীর্ঘ সময় হাসপাতালে ছিলেন। প্রায় এক মাস আগে তিনি সুস্থ হয়ে ভ্যাটিকানে ফিরেছিলেন। তবে ইস্টার সানডে পালনের একদিন পরেই ভ্যাটিকান তার মৃত্যুর খবর ঘোষণা করে।