রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা তিন মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এসব মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক, ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ মোট ৫৩ জন আসামি রয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে পৃথক তিন মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারিত ছিল। এদিন রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে আগামী ২ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন। বিষয়টি আদালতের পেশকার বেলাল উদ্দিন নিশ্চিত করেছেন।
তিন মামলার মধ্যে শেখ রেহানা ও শেখ হাসিনাসহ ১৭ আসামির মামলায় ২৬ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আজমিনা সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৮ আসামির মামলায় ২২ জন সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন ১৬ জন। রাদওয়ান মুজিব সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৮ আসামির মামলায় ২৮ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
দুদকের অভিযোগ অনুযায়ী, শেখ রেহানা, আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক পৃথকভাবে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে সরকারি প্লট বরাদ্দ নেন, যা আইন ও নিয়মবহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্জিত বলে অভিযোগ করা হয়।
এই তিন মামলায় আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ, সদস্য, পরিচালক ও উপপরিচালকসহ প্রশাসনের আরও বেশ কয়েকজন কর্মকর্তা।
দুদকের উপপরিচালক ও সহকারী পরিচালকরা গত ১৩ জানুয়ারি পৃথক তিনটি মামলা দায়ের করেন এবং তদন্ত শেষে গত ১০ মার্চ ৫৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
গত ৩১ জুলাই বিশেষ জজ আদালত-৪ তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু করেন।