পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেতে কোনো ধরনের রাজনৈতিক সুপারিশের পেছনে না ছুটে মেধার ভিত্তিতে প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে তিনি লিখেছেন, “পঞ্চগড়ে পুলিশের কনস্টেবল নিয়োগ চলছে। এখন চলছে ফিটনেস পরীক্ষা। এরপর হবে ৫০ নম্বরের লিখিত ও ১৫ নম্বরের ভাইভা পরীক্ষা। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে মোট ৬৫ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল নির্ধারণ হবে।”
তিনি বলেন, “লিখিত পরীক্ষাই হবে মূল নির্ধারক। ভাইভা পরীক্ষায় সাধারণ জ্ঞান থাকলেই ৭-৮ নম্বর পাওয়া যায়। সেখানে সুপারিশ করে ২-৪ নম্বর বাড়ালেও লাভ হবে না, যদি রিটেনে ভালো করা না যায়। রিটেনেই চাকরির ভাগ্য নির্ধারিত হবে।”
সারজিস আলম আরও জানান, গতবার প্রায় ৫০০ জন ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, তাদের মধ্যে ২৮ জন নিয়োগ পেয়েছেন। তাই এবার যারা ফিটনেসে উত্তীর্ণ হবেন, তাদের প্রতি তার পরামর্শ, “রিটেন এবং ভাইভার প্রস্তুতি নিন, রাজনীতিকদের পেছনে সময় নষ্ট করবেন না।”
সবচেয়ে জোর দিয়ে তিনি বলেন, “কোনো ধরনের সুপারিশ কার্যকর হবে না। জেলা পুলিশ পঞ্চগড় নিশ্চিত করেছে – এই নিয়োগ শতভাগ মেধার ভিত্তিতে হবে। কেউ যদি সুপারিশ নিয়ে নিয়োগ পেতে চায়, তবে সেটি শহীদদের আত্মত্যাগকে অসম্মান করার শামিল হবে।”
পোস্টের শেষদিকে তিনি স্পষ্ট করে বলেন, “আমার কাছে কেউ সুপারিশ নিয়ে আসবেন না, অন্য রাজনৈতিক নেতাদের কাছেও যাবেন না। বরং আমরা চাইবো – স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় সহযোগিতা করতে। মেধার জয়ই হোক আমাদের অঙ্গীকার।”