নেপাল-ভুটানে বাংলাদেশি পণ্য পরিবহনে অনিশ্চয়তা

বাংলাদেশ
ভারতের ভূখণ্ড ব্যবহার করে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে তৃতীয় দেশে পণ্য পরিবহনের সুবিধা বাতিল করেছে দেশটির সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (CBIC)। এর ফলে স্থলপথে বাংলাদেশের পণ্য এখন থেকে নেপাল ও ভুটানে পরিবহন করা সম্ভব হবে না।

মঙ্গলবার (৮ এপ্রিল) জারি করা এক আদেশে ২০২০ সালের ২৯ জুন থেকে চালু থাকা এই বিশেষ ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সার্কুলারটি তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে এবং সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

তবে যারা আগেই এই সুবিধার আওতায় পণ্য ভারতে প্রবেশ করিয়েছে, তাদের কার্গো গন্তব্যে পৌঁছাতে ভারতীয় ভূখণ্ড ত্যাগের অনুমতি দেওয়া যেতে পারে।

ভারতের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো জানানো হয়নি।

উল্লেখ্য, ২০২০ সালের জুন মাস থেকে বাংলাদেশ এই সুবিধা ভোগ করে আসছিল, যার মাধ্যমে দেশের পণ্য নেপাল ও ভুটানে সহজে পৌঁছানো সম্ভব হতো।