বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সভাকক্ষে অনুষ্ঠিত অ্যাপিলেট উপকমিটির সভায় রাজউক চেয়ারম্যান জানান, নির্মাণ বিধিমালা অমান্য করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, "বাসযোগ্য ও পরিকল্পিত নগরী গড়ে তুলতে হলে আমাদের অবশ্যই ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ অনুসরণ করতে হবে। অন্য কেউ নিয়ম ভঙ্গ করলে সেটি নিজের ভবনের জন্য অজুহাত হতে পারে না।"
তিনি আরও বলেন, যারা বিধি লঙ্ঘন করছে তাদের সম্পর্কে তথ্য পেলে রাজউক দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। সভায় ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা ২০০৮ অনুসারে রাজউকের বিভিন্ন আদেশের বিরুদ্ধে দাখিল করা আপত্তির শুনানি অনুষ্ঠিত হয়।
আজকের সভায় মোট ২৬টি আপিলের শুনানি হয়, যেখানে আপিলকারীরা তাদের বক্তব্য সরাসরি উপস্থাপন করেন। রাজউক চেয়ারম্যানসহ উপকমিটির সদস্যরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে প্রতিটি আপিল যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেন।
সভায় রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মো. হারুন-অর-রশীদসহ অন্যান্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।