বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা শেখ বশির উদ্দীন এবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বও পেয়েছেন। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুর পর (২০ ডিসেম্বর) এ দুটি মন্ত্রণালয়ে উপদেষ্টা পদ শূন্য হয়ে পড়ে। ওই সময় থেকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব সাময়িকভাবে প্রধান উপদেষ্টার হাতে ছিল।
নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী শেখ বশির উদ্দীন এখন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।
এদিকে প্রধান উপদেষ্টার অধীনে এখন রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।