ঢাকার ধামরাই উপজেলার শ্রীরামপুর এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে রেডিশন ক্যাজুয়াল ওয়্যার গার্মেন্টসের শ্রমিকরা ১৪ দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে এ উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে শ্রমিকরা তাদের ১৪ দফা দাবি জানিয়ে আসলেও কারখানা কর্তৃপক্ষ কোনো কার্যকর সাড়া দেয়নি। বুধবারও কয়েক ঘণ্টার অবরোধের পর প্রশাসনের মধ্যস্থতায় মালিক পক্ষ আংশিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়। কিন্তু বৃহস্পতিবার কর্তৃপক্ষ জানায়, সব দাবি মানা সম্ভব নয়—এতেই ফের ক্ষোভে ফেটে পড়ে শ্রমিকরা।
দুপুরের পরপরই মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে, যার ফলে সংঘর্ষে রূপ নেয় ঘটনাটি। এ সময় অন্তত সাতজন শ্রমিক ও তিনজন পুলিশ সদস্য আহত হন, যাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এর আগে সকাল থেকেই শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলেও সেনাবাহিনী ও পুলিশের কারণে তা সম্ভব হয়নি। তবে দুপুরে সেনাবাহিনী সরে যাওয়ার পরপরই আন্দোলন তীব্র হয়।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে: অবৈধ ছাঁটাই বন্ধ, সময়মতো টিফিন ও নাইট বিল প্রদান, ঈদের ছুটির সময় বাড়ানো, প্রোভিডেন্ট ফান্ডসহ বিভিন্ন শ্রমিক সেবার উন্নয়ন।
ঘটনার বিষয়ে কারখানার পরিচালক ফারদিন আহম্মেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার রায়হান উদ্দিন মুরাদ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কারখানার পরিবেশ স্বাভাবিক।