দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের সংক্রমণ ক্রমেই মারাত্মক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়জন, যা চলতি বছরের মধ্যে অন্যতম উদ্বেগজনক দিন হিসেবে চিহ্নিত হয়েছে। একই সময়ে নতুন করে ১,১৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন—যা এ বছরের একদিনে সর্বোচ্চ সংক্রমণ।
রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট ৭৮ হাজার ৫৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩১৩ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে—বরিশাল বিভাগে ১৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ২৭৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২২০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫ জন, খুলনা বিভাগে ১১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫৯ জন, রাজশাহী বিভাগে ১১৩ জন এবং রংপুর বিভাগে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
অন্যদিকে, গত একদিনে সারা দেশে ১,১০৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছর এখন পর্যন্ত মোট ৭৪ হাজার ৮৯৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ডেঙ্গুর এই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সক্রিয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।