দুর্নীতি অভিযোগে জয়, পুতুলসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলাদেশ
দুর্নীতি দমন কমিশন (দুদক) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলসহ আট জনের বিরুদ্ধে মামলা করেছে। বুধবার দুদকের ঢাকা-১ কার্যালয়ে সহকারী পরিচালক মুবাশ্বিরা আতিয়া তমা বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, জয় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) পরিচালনার নামে চাপ প্রয়োগ করে ২৩টি কোম্পানি থেকে ৪৫ কোটি ৩৫ লাখ ৯৫ হাজার টাকা অনুদান হিসেবে গ্রহণ করেছেন। প্রতিষ্ঠানটির নামে ২৫টি ব্যাংকে মোট ৪৩৯ কোটি ৬ লাখ ৭৯ হাজার টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এছাড়া, আয়কর আইন লঙ্ঘন করে ৩৬ লাখ ৫২ হাজার টাকা আয়কর ফাঁকি দিয়ে সরকারের ক্ষতি সাধন করা হয়েছে।

জয় সিআরআইয়ের চেয়ারম্যান ও ট্রাস্টি, পুতুল ভাইস চেয়ারম্যান ও ট্রাস্টি ছিলেন। মামলার অন্য আসামিরা হলেন- শেখ রেহানার ছেলে ও সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সাবেক প্রতিমন্ত্রী ও ট্রাস্টি নসরুল হামিদ (বিপু), এক্সিকিউটিভ ডিরেক্টর শাব্বির বিন শামস, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া, এনবিআরের কর আপিল বিভাগের সদস্য রওশন আরা আক্তার

এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে জনকল্যাণের নামে সিআরআই থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। ২০১৩-১৪ করবর্ষ থেকে ২০২৩-২৪ পর্যন্ত প্রতিষ্ঠানটির আয় প্রায় ১০০ কোটি ৩১ লাখ ৪০ হাজার টাকা হলেও বর্তমানে ৫৫ কোটি ১১ লাখ ৮২ হাজার টাকার স্থিতি রয়েছে। অর্থাৎ ১৫ কোটি ৬৮ লাখ ৫৯ হাজার টাকা আত্মসাৎ হয়েছে।

দুদক বলেছে, ব্যাংক লেনদেন, অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে তারা শাস্তিযোগ্য অপরাধ করেছেন এবং সরকারকে ক্ষতি করেছেন।