আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নতুন নির্দেশনায় বলা হয়েছে—দায়িত্ব পালনের সময় ইনচার্জ ছাড়া অন্য কোনো পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি দেখা যাচ্ছে অনেক পুলিশ সদস্য দায়িত্বে থাকাকালীন মোবাইল ব্যবহার করছেন, যার ফলে সতর্ক নজরদারি ব্যাহত হচ্ছে এবং দায়িত্ব পালনে গাফিলতি দেখা দিচ্ছে। এতে করে পুলিশ সদস্যরা দৃশ্যমান থাকলেও জননিরাপত্তা ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না।
এ অবস্থায়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও নিরাপত্তা জোরদারের স্বার্থে দায়িত্ব পালনকালে ইনচার্জ ব্যতীত অন্য সদস্যদের মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।