মানিকগঞ্জের সিংগাইর থানায় এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নিতে গিয়ে মদ্যপ অবস্থায় হট্টগোল এবং পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ করায় যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে সিংগাইর পৌর যুবদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম ওরফে জীবন (৪৫) এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম (২৬) থানায় হাজির হন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ওই সময় তারা মদ্যপ ছিলেন এবং পুলিশকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম জানান, দুই যুবদল নেতা একজন এজাহারভুক্ত আসামিকে ছাড়ানোর জন্য চাপ দেন এবং একপর্যায়ে পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ করেন। পরে তাদের আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে পরীক্ষায় তাদের শরীরে অ্যালকোহলের উপস্থিতি নিশ্চিত হয়।
এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে মামলা দায়ের করে আজ আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু বলেন, "বিষয়টি আমরা জেনেছি। তদন্ত করে ঘটনার সত্যতা মিললে সংগঠন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"