ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন প্রশাসক হলেন মো. মাহমুদুল হাসান

বাংলাদেশ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহমুদুল হাসান। তিনি বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক হিসেবে কর্মরত।
আজ সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ ক-এর উপধারা (৩) অনুযায়ী মো. মাহমুদুল হাসান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব ও ক্ষমতা পালন করবেন। তিনি বর্তমান দায়িত্বের পাশাপাশি এই পদে দায়িত্ব পালন করবেন এবং নিয়ম অনুযায়ী দায়িত্বভাতা পাবেন।
এর আগে, গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয় ডিএসসিসির তৎকালীন প্রশাসক মো. শাহজাহান মিয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। তবে তাকে সরানোর কারণ সম্পর্কে মন্ত্রণালয় কোনো তথ্য জানায়নি।