ঢাকা দক্ষিণ সিটি ও ওয়াসা থেকে সরানো হলো শাহজাহান মিয়াকে

বাংলাদেশ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মো. শাহজাহান মিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি এতদিন একই সঙ্গে এই দুটি গুরুত্বপূর্ণ দায়িত্বের পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বও পালন করছিলেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, শাহজাহান মিয়াকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি শাহজাহান মিয়াকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। পরে ১৮ মে তাকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ সেবা সংস্থার দায়িত্ব এক ব্যক্তির হাতে থাকা নিয়ে তখন বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়।

তবে হঠাৎ করে শাহজাহান মিয়াকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বদলির পেছনের কারণ সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।