গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বর হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সোমবার সারাদেশে পালিত হচ্ছে সাধারণ ধর্মঘট। রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি চলছে।
‘নো ওয়ার্ক, নো স্কুল’ শিরোনামে ঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান তাদের ক্লাস ও পরীক্ষাসমূহ স্থগিত করেছে।
সকালে রাজধানীর উত্তর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেন শতাধিক শিক্ষার্থী। ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’—এই স্লোগানে তারা গর্জে ওঠেন। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে তারা কর্মসূচি শুরু করেন, যেখানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
শাহবাগ এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল ও স্লোগানে উত্তাল করে তোলে রাজপথ। বেলা সাড়ে ১১টার পর থেকে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করে। টিএসসি চত্বর, রাজু ভাস্কর্যসহ আশপাশে জড়ো হয়ে তারা ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘নো মোর ইসরায়েল’ ইত্যাদি স্লোগান দেন।
শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন প্রান্তেও এই সংহতি প্রকাশ পেয়েছে। কালীগঞ্জে সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
অন্যদিকে, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় পরিবারের উদ্যোগে উপাচার্য দীলিপ কুমার বড়ুয়ার নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা ফিলিস্তিনের পতাকা হাতে অংশ নেন। বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হওয়া এই মিছিলে ‘ফ্রি ফ্রি গাজা’ ও ‘স্বাধীন ফিলিস্তিন চাই’ স্লোগানে মুখর ছিল জনতা।
এছাড়া কাঁঠালিয়ায়ও স্থানীয় ছাত্র-জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে সর্বস্তরের মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
এই কর্মসূচি বিশ্বব্যাপী চলমান ফিলিস্তিন সংহতি আন্দোলনের অংশ হিসেবেই দেখছে আন্দোলনকারীরা।